চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বিতর্কিত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ। ফলে এখন অর্ডিনারি ও অ্যাসোসিয়েট ক্যাটাগরি নিয়ে ভোট অনুষ্ঠিত হবে।
আজ রোববার রাতে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চতুর্থ তলায় চিটাগাং চেম্বার কার্যালয়ে নির্বাচনের ভোটার তালিকা টাঙানো হয়েছে। তবে আগামী ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা টাঙানো হবে।
জানতে চাইলে চিটাগাং চেম্বারের নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগম রাজনীতি সংবাদকে জানান, চেম্বার কর্তৃপক্ষ ভোটার তালিকা থেকে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাদ দিয়েছে। ফলে এই দুই ক্যাটাগরি বাদ দিয়ে ভোটার তালিকা টাঙানো হয়েছে।
জানা গেছে, গত ২০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় চিটাগাং চেম্বারের টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপকে অকার্যকর করে দেয়। এ নিয়ে চেম্বার প্রশাসককে একটি চিঠি পাঠায় মন্ত্রণালয়। চিঠিতে প্রশাসককে চেম্বারের আসন্ন নির্বাচনে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপকে ভোট প্রদানের সুযোগ না দিতে নির্দেশনা দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চেম্বার প্রশাসক টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপকে বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করেছে।
জানা গেছে, ভোটার তালিকা থেকে বিতর্কিত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপকে বাদ দেওয়ায় সাধারণ ব্যবসায়ীরা উচ্ছ্বসিত হয়েছেন। তারা চেম্বার প্রশাসকের ভূমিকার প্রশংসা করছেন।
জানা গেছে, টাউন অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান হলো চারটি। এগুলো হলো-পটিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, বোয়ালখালী অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, হাটহাজারী অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি।
অপরদিকে ট্রেড গ্রুপেরও সদস্যভুক্ত প্রতিষ্ঠান হলো চারটি। এগুলো হলো-চিটাগাং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইমপোটার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ, চিটাগাং মিল্ক ফুড ইমপোটার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ, চিটাগাং টায়ার টিউব ইমপোটার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ এবং চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপ।
বিস্ময়কর বিষয় হলো, চিটাগাং চেম্বারে টাউন অ্যাসোসিয়েশন ক্যাটাগরির সদস্যভুক্ত তিনটি প্রতিষ্ঠান এবং ট্রেড গ্রুপের দুটি প্রতিষ্ঠান হলো ভুয়া। এ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি ‘চিটাগাং চেম্বারে মেম্বারশিপ নিয়ে ভয়াবহ জালিয়াতি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
বিগত সময়ে চেম্বারের নির্বাচনে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতো না। নির্বাচনে এই দুটি ক্যাটাগরি থেকে তিনজন করে মোট ছয়জন প্রার্থী হতেন। এই দুই ক্যাটাগরি থেকে প্রতিষ্ঠানগুলোর ডেলিগেট মেম্বাররা সমঝোতার ভিত্তিতে যে ৬ জনকে প্রার্থী করতেন তারাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন।
দেশের কোনো চেম্বার অব কমার্সে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি নেই। ঢাকা চেম্বার অব কমার্সে একসময় এ দুটি ক্যাটাগরি থাকলেও ১৫ বছর আগে তা বিলুপ্ত করা হয়েছে। অবশেষে চিটাগাং চেম্বারেও এ দুটি ক্যাটাগরি বিলুপ্ত করা হলো।
আগামী ১ নভেম্বর দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠনে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ফরম বিক্রি হবে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর। জমাদানের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
চিটাগাং চেম্বারের নির্বাচনে ২৪টি পরিচালক পদে নির্বাচন হয়। এর মধ্যে অর্ডিনারি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট থেকে ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন থেকে ৩ জন এবং ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হয়। এখন টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাদ পড়ায় অর্ডিনারি ও অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে ২৪ জন পরিচালক নির্বাচিত হবে।
তফসিল অনুযায়ী, ২৪ জন নির্বাচিত পরিচালক থেকে ভোটাভুটি কিংবা সমঝোতার ভিত্তিতে চেম্বারের প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি) নির্বাচিত হবে।
চিটাগাং চেম্বারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়লাভ করে। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলো মোরশেদ মুরাদ ইব্রাহীম-আবদুস সালাম ঐক্য পরিষদ। নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ থেকে ২০ জন এবং মোরশেদ-সালাম পরিষদ থেকে মাত্র চারজন পরিচালক নির্বাচিত হন।
এর পরের পাঁচ মেয়াদের নির্বাচনে কোনো ভোটাভুটি হয়নি। বিনাভোটে চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে।
দীর্ঘ ১২ বছর পর এবার চিটাগাং চেম্বারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন:
৩১ আগস্ট রাতে কী হয়েছিলো চিটাগাং চেম্বারে?
চিটাগাং চেম্বারে মেম্বারশিপ নিয়ে ভয়াবহ জালিয়াতি
চিটাগাং চেম্বারের ‘দুর্নীতিবাজ’ সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফারুক বরখাস্ত
