, | |

মূলপাতা দেশজুড়ে

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


শহীদ ওয়াসিমের কবর জিয়ারতকালে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৩ জুন, ২০২৬ ১০:০৫ : অপরাহ্ণ

কক্সবাজার সফরের ফাঁকে জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর পাশাপাশি শহীদ ওয়াসিমের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন তিনি।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের মোরারপাড়া কবরস্থানে গিয়ে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ওই সময় তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।

পরে শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর পাশাপাশি তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ-খবর নেন তিনি। এ সময় শহীদ ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সরকার ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নিহত হন মোহাম্মদ ওয়াসিম। চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন: আপনাদের সময় খুবই সীমিত, সরকারকে জামায়াত আমীরের হুঁশিয়ারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর