রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ১৩ জুন ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
বিএনপি নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হুঁশিয়ার করে বলেছেন, ‘আপনাদের সময় খুবই সীমিত। এই সীমিত সময়ে যদি পরিবর্তন হয়ে যান তাহলে আপনাদের অভিনন্দন জানাবো। আর না হলে আপনাদের বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।’
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
দেশের বর্তমান জনদুর্ভোগ লাঘব, গণরায়ের সঠিক বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশু উন্নয়ন এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘খোদ দেশের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যদি অনবরত ভুল-ভাল কথা বের হতে থাকে তবে পুরো বাংলাদেশ বিশ্বমঞ্চে লজ্জিত হবে।’
সরকারি দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমীর বলেন, ‘আপনারা যদি ভালো করেন আমরা প্রশংসা করবো। কিন্তু ভুল করলে বা খারাপ করলে অবশ্যই সমালোচনা করবো। ফাঁসির মঞ্চকে যারা জীবনের চেয়েও তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।’
জাতীয় সংসদের এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়। তারা নিজেদের অনেক কিছু দিতে পারলেও জনগণকে কিছু দিতে পারবে না। গত তিন মাসে তার প্রমাণিত হয়েছে। আগে শোনা যেতো সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। এখন শোনা যাচ্ছে সবাই খারাপ শুধু প্রধানমন্ত্রী ভালো। মূলত ফ্যাসিস্ট আমলের দেখিয়ে দেওয়া পথেই এই সরকার হাঁটছে। তারা জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারবে না।’
সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, ‘দেশের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকটিকে আবারও বিতর্কিত এস আলম গ্রুপের হাতে গোপনে তুলে দেওয়ার এক নতুন পাঁয়তারা চলছে, যা দেশের সাধারণ মানুষ আর কখনোই মেনে নেবে না।’
সমাবেশে এলডিপি সভাপতি ড. কর্নেল অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ‘চোখ নামিয়ে কথা বলো’, ক্রিকেটার নাঈমকে ওসির ধমক
