নিখোঁজের হওয়ার একদিন পর রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার সকালে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এরপর অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল। পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
তাহসিফ সপরিবারে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিখোঁজ হন।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি গণভবনের পেছন থেকে তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
৫ আগস্টের পর তাহসিফ বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছাড়েন। তিনি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: সাগর-রুনি হত্যা: আলামত ঘিরে মামলায় নতুন মোড়, নেপথ্যে কারা?







