গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় হামলাকারীদের।
আজ বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই : মার্চ টু গোপালগঞ্জ’ নাম দেওয়া হয়।
এনসিপির এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই গোপালগঞ্জে উত্তেজনা দেখা দেয়। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট সড়কে ইউএনওর গাড়িবহরেও হামলা চালানো হয়। সেখানে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়।
ইউএনও এম রকিবুল হাসান বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে অবরোধ সৃষ্টি করছিলেন। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আমার গাড়িবহরে হামলা চালানো হয়।’
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন:
গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িতে ছাত্রলীগের হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
