জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।
ওসি বলেন, এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি।
গতকাল মঙ্গলবার রাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিপ্লবের সহযোদ্ধারা ধুমকেতুর মতো ছুটে আসুন। বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।’
আরেকটি পোস্টে এই এনসিপি নেতা লেখেন, ‘গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। একইসঙ্গে আমরাই গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই করবো। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।’
এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারারসহ একাধিক নেতা এই কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন।
আরও পড়ুন: গঅভ্যুত্থানের বীর আবু সাঈদের আত্মত্যাগের দিন আজ
