, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

পলোগ্রাউন্ডের জনসভায় দুই বিএনপি নেতার ‘ষড়যন্ত্রের মিশন’ ব্যর্থ!


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জানুয়ারি, ২০২৬ ১০:০৮ : অপরাহ্ণ

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা নিয়ে ষড়যন্ত্রের মিশনে নেমেছিলেন মহানগর বিএনপির দুই শীর্ষ নেতা। তারা জনসভার কার্যক্রম থেকে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথ উদ্যোগে এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভা সঞ্চালকের দায়িত্ব থেকে নাজিমুর রহমানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন নগর বিএনপির শীর্ষ এক নেতা। নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে জনসভা সঞ্চালনার দায়িত্ব দিতে চেয়েছিলেন সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে এই প্রস্তাব দেন। কিন্তু এরশাদ উল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সঞ্চালকের দায়িত্ব থেকে নাজিমুর রহমানকে সরিয়ে দেওয়ার প্রস্তাব অস্বীকার করেছেন। তিনি রাজনীতি সংবাদকে বলেন, ‘ডা. শাহাদাত আমাকে নাজিমুর রহমানের পাশাপাশি আবুল হাশেম বক্করকেও সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি তার অযৌক্তিক এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। কারণ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিও জনসভার আয়োজক ছিল। মহানগর থেকেই যদি দুজনকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় তা নিয়ে উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ প্রশ্ন তুলবে। তাই আমি বক্করকে সঞ্চালকের দায়িত্ব দিইনি।’

এ বিষয়ে জানতে নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান রাজনীতি সংবাদকে বলেন, ‘জনসভা সঞ্চালনার বিষয় নিয়ে আমাদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। পরে সেটার সমাধান হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, সঞ্চালকের দায়িত্ব থেকে নাজিমুর রহমানকে মাইনাস করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর জনসভার মঞ্চের ব্যানার থেকে তার নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু নাজিমুর রহমানের দৃঢ়চেতা অবস্থানের কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়।

দলীয় সূত্র জানিয়েছে, জনসভার আগের দিন (শনিবার) রাত ১টার দিকে নাজিমুর রহমান পলোগ্রাউন্ড মাঠে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সাহাবুদ্দিন ডেকোরেটার্সের কর্মীদের একটি ব্যানার লাগানোর জন্য দিয়ে আসেন। এতে জনসভার প্রধান অতিথি তারেক রহমান, সভাপতি এরশাদ উল্লাহ ও সঞ্চালক হিসেবে নাজিমুর রহমানের নাম লেখা ছিল। কিন্তু কিছুক্ষণ পর মঞ্চে আরেকটি ব্যানার পাঠানো হয়। কিন্তু এই ব্যানারে সঞ্চালকের নাম ছিল না। তখন নাজিমুর রহমান মাঠে ছিলেন। তিনি বিষয়টি জানার পর সাহাবুদ্দিন ডেকোরেটার্সের কর্মীদের সঞ্চালকের নাম থাকা আগের ব্যানারটি লাগাতে নির্দেশ দেন। এরপর নাজিমুর রহমান মাঠ থেকে চলে যান। কিন্তু ডেকোরেটার্সের কর্মীরা সঞ্চালকের নাম ছাড়া ব্যানারটিই মঞ্চে লাগান। এটা জানার পর নাজিমুর রহমান আবার পলোগ্রাউন্ড মাঠে ছুটে আসেন। তিনি মঞ্চে গিয়ে সাহাবুদ্দিন ডেকোরেটার্সের ম্যানেজারের কাছে এর কৈফিয়ত চাইলে তিনি জানান, একজন লোক এসে এই ব্যানার নিয়ে গেছে। এরপর নাজিমুর রহমান ম্যানেজারকে আগের ব্যানারটি নিয়ে আসতে নির্দেশ দেন। এরপর ডেকোরেটার্সের ম্যানেজার নাজিমুর রহমানের সামনেই নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে ফোন দিয়ে ঘটনাটি জানান। কিছুক্ষণ পর একজন লোক মঞ্চে আগের ব্যানারটি নিয়ে আসেন।

 

এ বিষয়ে জানতে নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে সাহাবুদ্দিন ডেকোরেটার্সের ম্যানেজার খন্দকার মানিক আহমেদ রাজনীতি সংবাদকে বলেন, ‘প্রথমে আমাদের যে ব্যানারটি দেওয়া হয়েছিল সেখানে সঞ্চালক নাজিমুর রহমানের নাম থাকায় সেটি না লাগাতে বলা হয়েছিল। পরে বক্কর ভাইকে ফোন দেওয়ার পর তিনি আবার এই ব্যানারটি লাগাতে বলেন।’

জানা গেছে, মঞ্চের ব্যানার পরিবর্তনের ঘটনাটি নাজিমুর রহমান নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে অবহিত করেন। এরশাদ উল্লাহ নাজিমুর রহমানকে এ নিয়ে ডা.শাহাদাতের সঙ্গে কথা বলতে নির্দেশ দেন। ডা.শাহাদাত হোসেন নাজিমুর রহমানের কাছে ব্যানার পাল্টানোর বিষয়টি স্বীকার করে বলেন, বিএনপির মিডিয়া সেলের নির্দেশে তিনি এ কাজ করেছেন। এরপর নাজিমুর রহমান ব্যানার নিয়ে তার নির্দেশনার বিষয়টি বিএনপির মিডিয়া সেলকে জানাতে বলেন ডা.শাহাদাতকে।

এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান রাজনীতি সংবাদকে বলেন, ‘জনসভার ব্যানার লাগানো নিয়ে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা এটা নিরসন করেছি।’

আরও পড়ুন: পলোগ্রাউন্ডে বিএনপির জনসভার মঞ্চে একি কান্ড!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর