আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে নবী করিম (সা.) এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
তারেক রহমানের এই নির্বাচনী জনসভায় বিপুল পরিমাণ বিএনপি নেতাকর্মী সিলেট ও সুনমাগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নিয়েছেন। বিশেষ করে দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দিয়েছেন। গতকাল রাত থেকে আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত শুরু করেন তারা। আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। সকাল ১১টার আগেই কানায় কানায় মাঠটি পূর্ণ হয় মাঠ।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান অনেকটা সিলেটি উচ্চারণে স্থানীদের কাছে সালাম দিয়ে জানতে চান, ‘আপনারা ভালা আছেন নি…?’
পরে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এখানে সবাই মুসলমান উল্লেখ করে তারেক রহমান তার কাছে জানতে চান, এই দুনিয়া, জান্নাত-জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’ এরপর তারেক রহমান বলেন, ‘যেখানে জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘যারা নির্বাচনের আগেই আপনাদের আগেই ঠকাচ্ছে, তারা নির্বাচনের পরে কী করবে?’
বিএনপি চেয়ারম্যান বলেন, একটি মহল দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যেকোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারবে।
তারেক রহমান বলেন, আমরা দেখেছি, বিগত বছরগুলোতে কীভাবে উন্নয়নের নাম দেশের মানুষের সম্পদ লুটপাট করে পাচার করেছে। আমরা এ অবস্থার পরিবর্তন করতে চাই। এ জন্য ধানের শীষের পাশে থাকবেন। আমরা কৃষকের পাশে থাকতে চাই। এ কারণে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা দেখেছি গত ১৫/১৬ বছর অন্য দেশের কাছে কীভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। এজন্য আমি আগে বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ। আমি আরেকটি কথা বলেছিলাম, স্বৈরাচার সরকার যখন মানুষের ঘাড়ে চড়ে বসেছিল, সেটা হচ্ছে ‘টেক ব্যাক বাংলাদেশ’। আমরা ‘টেক ব্যাক বাংলাদেশের’ অর্ধেক পথে এসেছি। আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ করেছি। গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।
তারেক রহমান বলেন, নির্বাচনের পর আমরা বিজয়ী হয়ে জিয়াউর রহমানের মতো খাল খনন করতে চাই। এ সময় উপস্থিত সবাইকে নিয়ে স্লোগান দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ‘করবো কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সিলেট থেকে আজ যে যাত্রা শুরু হলো-এই যাত্রা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যাত্রা।’
কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল বিভিন্ন কুৎসা রটাচ্ছে। এই দল যারা বিভ্রান্ত করতে চায, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনাকালে পথে পথে বিশেষ করে প্রবেশপথে চৌহ্রাটা মোড় এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
গতকাল রাতে সিলেটে পা রাখেন তারেক রহমান। সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে গেলেন তারেক রহমান।
বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন: শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
