, | |

মূলপাতা খেলা

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২৬ ১১:১৫ : পূর্বাহ্ণ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাওয়া, বাংলাদেশ ভারতে খেলতে যাক। এমন টানাপোড়েনের মধ্যে এবার বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পিসিবি।

চিঠিতে পিসিবি জানিয়েছে, বর্তমান আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। বিষয়টি সমাধানের জন্য আজ বুধবার একটি সভা ডেকেছে আইসিসি। অবশ্য পিসিবির পাঠানো মেইলের পরে সেই সভা ডাকা হয়েছে কি না তা নিশ্চিত নয়।

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তার বদলে শ্রীলঙ্কায় তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে বিসিবি।

এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে, যার সর্বশেষটি হয়েছে গত সপ্তাহে ঢাকায়। কিন্তু দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হোক, আর বিসিবি বলছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলা অসম্ভব।

এর আগে গুঞ্জন উঠেছিল, পিসিবি পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তার আগে খুব বেশি সময় বাকি না থাকলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ও আইসিসি। দফায় দফায় আলোচনায় করেও বিসিবিকে ভারতে খেলার ব্যাপারে রাজি করাতে পারেনি আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও কোনোভাবেই ভেন্যু পরিবর্তন করার পক্ষে নয়। দুই পক্ষের দৃঢ় অবস্থানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন: নতি স্বীকার করবে না বাংলাদেশ, আইসিসিকে হুঁশিয়ারি আসিফ নজরুলের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর