, | |

মূলপাতা খেলা

নতি স্বীকার করবে না বাংলাদেশ, আইসিসিকে হুঁশিয়ারি আসিফ নজরুলের


ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২৬ ৫:৩৪ : অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে আইসিসি। কিন্তু ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইসিসিকে কড়া হুঁশিয়ারি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, মোস্তাফিজের মতো শ্রেষ্ঠ বোলারকে বাদ দেবে না বাংলাদেশ। সেই সাথে ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ।

আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে তিনি এই অঙ্গীকারের কথা জানান।

ক্রীড়া উপদেষ্টা জানান, ভারতে গেলে বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বিসিবিকে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা জিনিস হচ্ছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলদেশ দলের যারা সমর্থক আছে উনারা যদি জাতীয় দলের জার্সি পড়ে যদি ঘোরাফেরা করে। তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি।

 

আইসিসির এমন বক্তব্যকে ‘উদ্ভট’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘আইসিসি যদি আশা করে, আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়বো, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেবো, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা মনে করি, ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না।’

বিসিবি ইতিমধ্যে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। তবে আইসিসি এই আবেদন নাকচ করে ভারতের ভেতরেই চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের কথা পরিষ্কার-ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু বদলাতেই হয়, তবে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাতে করা হোক, আমাদের কোনো সমস্যা নেই।’

আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং ভারতের কথায় পরিচালিত না হয়, তবে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা।

জানা গেছে, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিসিবির এই আবেদনের আনুষ্ঠানিক জবাব দিতে পারে আইসিসি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর