রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২১ জানুয়ারি ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ রাজি না হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও এক দিন সময় দিয়েছে আইসিসি।
আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়ালি আইসিসির বহুল আলোচিত এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়াসহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও অংশ নেন। আইসিসির হয়ে এ সভায় প্রতিনিধিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এই আলচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না এই সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় পাচ্ছে বিসিবি।
নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ভারতের বিপক্ষে ও ভারতের ভেন্যুতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানালে বিষয়টি আজ আইসিসির বোর্ডসভায় আলোচনায় আসে। সভায় এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে বাংলাদেশের পরিবর্তে টি–টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল স্কটল্যান্ডকে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, স্কটল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির (ব্রিটেন রাজ পরিবারশাসিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল) পেছনে থেকে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
আরও পড়ুন: বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান
