, | |

মূলপাতা খেলা

১৬ বছরের অধ্যায়ের ইতি, ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার


নেইমার ডি সিলভা জুনিয়র।

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময় : ২৯ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তারকা ফুটবলার নেইমার ডি সিলভা জুনিয়রকে। আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গের পর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন সেলেসাওর সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

গতকাল মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেন নেইমার।

ভিলা বেলমিরো স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, অসাধারণ সময় কাটিয়েছি। দেশের জন্য নিজের রক্ত, জীবন-সবকিছু উজাড় করে দিয়েছি। সবসময় লড়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের পর থেকেই নেইমারের অবসর নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। শেষ ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। শেষ পর্যন্ত সেই ম্যাচটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

জাতীয় দলকে বিদায় জানানোর পর এখন ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ ইকুয়েডরের মাকারা।

এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করেছেন এমন গুঞ্জনও নাকচ করে দিয়েছেন নেইমার। তিনি জানান, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক আলোচনা করেছিলেন। কিন্তু সেই বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: গোল্ডেন বুট-বল-গ্লাভস, বিশ্বকাপে কে পেলেন কোন পুরস্কার?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর