রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২০ জুলাই ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ
কার্যত একতরফা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বজয় করলো স্পেন। ৪৮ দলের এই বিশ্বকাপে একটা নতুন রীতিও চালু হলো এবার। চ্যাম্পিয়ন স্পেন দলকে ফিফা তুলে দিল চ্যাম্পিয়নশিপ রিং। সঙ্গে পাঁচ কোটি ডলার প্রাইজমানি, যা বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ। শুধু বিশ্বকাপ জয় নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ৪টি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ৩টি পেলেন স্পেনের প্লেয়াররা। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স, দুর্দান্ত গোল এবং চোখধাঁধানো রক্ষণশৈলী প্রদর্শন করে কয়েকজন তারকা ফুটবলার নিজেদের নাম লিখিয়েছেন টুর্নামেন্টের সেরা পুরস্কারের তালিকায়।
বিশ্বকাপের আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। চোখধাঁধানো গোল নেই, ঝলমলে ড্রিবলিং নেই—তবু গোটা টুর্নামেন্টে স্পেনের প্রতিটি জয়ের সুতো বাঁধা ছিল তাঁর পায়েই। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্স ও ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিমানবীয় খেলেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ এই মিডফিল্ডার।
অন্যদিকে, ফ্রান্স শিরোপা না জিতলেও ব্যক্তিগত অর্জনে সেরার তালিকায় তাদের পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিজের করে নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি বরাবরের মতোই বিশ্বমঞ্চে নিজের জাদুকরী পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দলকে ফাইনালে নেতৃত্ব দেওয়া এবং মাঝমাঠ ও আক্রমণভাগের নিখুঁত মেলবন্ধনের জন্য টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে ‘সিলভার বল’ পেয়েছেন ফুটবলের এই মহানায়ক।
স্পেনের দুর্ভেদ্য রক্ষণের শেষ প্রহরী উনাই সিমন নিজের অসামান্য দক্ষতার স্বীকৃতি পেয়েছেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ উঠেছে এই স্প্যানিশ তারকার হাতে। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়ে একক আসরে রেকর্ড সংখ্যক ক্লিন শিট বজায় রাখার পেছনে তার অবদান ছিল অবিস্মরণীয়। গোটা বিশ্বকাপে একটি মাত্র গোল খেয়েছে স্পেন।
ভবিষ্যৎ ফুটবলের নতুন আশার আলো হিসেবে নিজেকে চিনিয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। আসরের ‘সেরা উদীয়মান খেলোয়াড়’ (বেস্ট ইয়ং প্লেয়ার)-এর সম্মান জিতেছেন বার্সেলোনার এই তরতাজা ডিফেন্ডার। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে স্প্যানিশ ডিফেন্সে তাঁর পরিপক্বতা ও ভরসা জোগানোর পারফরম্যান্স ফুটবল বিশেষজ্ঞদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
