, | |

মূলপাতা জাতীয়

প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, হাদির অবস্থা আশঙ্কাজনক


শরিফ ওসমান বিন হাদি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:০২ : অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির অবস্থা আশঙ্কাজনক বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। আজ বুধবার দেশটির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন তিনি। পরে রাত ৯টা ৪০ মিনিটে হাদির চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, হাদির অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে গত ১৫ ডিসেম্বর দুপুর পৌনে ২টার দিকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওসমান হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করছে।

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কর্মকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্পদিনের মধ্যেই ওসমান হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন।

ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার মৃত মাওলানা সৈয়দ আব্দুল হাদির ছোট ছেলে। হাদির ওপর হামলার ঘটনার পর প্রতিবেশীরা ওসমান হাদিদের বাসায় ছুটে এসে তাদের সান্ত্বনা দেন। এ সময় হাদির বোন মাহফুজা বেগম কান্নারত অবস্থায় বলতে থাকেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা তোরে (হাদি) বাঁচতে দেবে না।

আরও পড়ুন: জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি, পুলিশের বাধা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর