চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দুই বছর পূর্তি অনুষ্ঠানের মঞ্চে তিনটা ডিজিটাল ব্যানারে তার ছবির সামান্য ওপরে ছিল ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ছবি।
আজ শনিবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মীর হেলালকে এভাবে অন্যরকম অভ্যর্থনা দেন ডা. শাহাদাত হোসেন।
ডিজিটাল ব্যানারে এই দৃশ্য দেখে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকে বিস্মিত হয়েছেন। এই দৃশ্যপটের মাধ্যমে চট্টগ্রাম নগর বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে বলে মনে করছেন দলটির নেতারা।
ডা. শাহাদাতের দুই বছর পূর্তি অনুষ্ঠানে মীর হেলালকে অন্যরকম অভ্যর্থনা দেওয়া প্রসঙ্গে নগর বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে রাজনীতি সংবাদকে বলেন, এটা বিরল দৃশ্য! অথচ ৮ মাস আগে ডা. শাহাদাত মীর হেলালকে জ্যেষ্ঠ নেতা হিসেবে মেনে নিতে পারেননি। আর এখন মীর হেলালের সাথে গলায় গলায় ভাব জমিয়েছেন। মীর হেলালকে খুশি করার জন্য ব্যানারে তার ছবি লাগিয়েছেন। ডা. শাহাদাত হয়তো আগামী মেয়র নির্বাচনকে সামনে রেখে সমর্থন পাওয়ার আশায় মীর হেলালের সাথে সখ্যতা গড়ে তুলছেন। কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে।
এর আগে গত ৬ নভ্ম্বের নগরীর দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডের উন্নয়ন নিয়ে চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর হেলালের সাথে সমন্বয় সভা করেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেস্ট হাউজে আয়োজিত ওই সভায় ডা. শাহাদাত প্রতিমন্ত্রী মীর হেলালকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানান।
অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথেও সখ্যতা রয়েছে ডা. শাহাদাতের। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সন্তান মীর হেলালের সাথে ‘সাপে-নেউলে’ সম্পর্ক আমির খসরুর। মীর নাছিরের সাথেও দীর্ঘদিন ধরে দূরত্ব চলে আসছে আমির খসরুর।
নগর বিএনপির দায়িত্বশীল একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে রাজনীতি সংবাদকে বলেন, মেয়র পদ হারিয়ে ডা. শাহাদাত এখন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। তার ওপর প্রধানমন্ত্রী নানা কারণে অসন্তুষ্ট। তাই এখন দুই নৌকায় পা রেখেছেন। কিন্তু চট্টগ্রামের রাজনীতিতে দুই নৌকায় পা রাখা যায় না। শেষ পর্যন্ত তাকে দুই কূলই হারাতে হবে।
গত ৬ মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিলের ব্যানারে বিশেষ অতিথির তালিকায় প্রতিমন্ত্রী মীর হেলালের নাম ছিল মেয়র ডা. শাহাদাত হোসেনের ওপরে। এতে ‘অভিমান’ করে ইফতার মাহফিলে অংশ নেননি ডা. শাহাদাত। এ ছাড়া ৪ মার্চ চিটাগাং ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহিফলে মীর হেলাল ছিলেন প্রধান বক্তা আর ডা. শাহাদাত ছিলেন বিশেষ অতিথি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি চিটাগাং ক্লাবে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মীর হেলাল আর ডা. শাহাদাত ছিলেন প্রধান আলোচক। মীর হেলালের সঙ্গে ‘দ্বন্দ্বের জেরে’ ওই দুটি অনুষ্ঠানে অংশ নেননি ডা. শাহাদাত।
মীর হেলালকে জ্যেষ্ঠ নেতা হিসেবে মেনে নিতে না পারা ডা. শাহাদাত এখন মীর হেলালের সাথে সখ্যতা গড়ে তুলছেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্ম ১৯৮২ সালের ১২ আগস্ট। তার বয়স এখন ৪৪ বছর। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের জন্ম ১৯৬৬ সালের ২ জুন। তার বয়স এখন ৬০ বছর। অর্থাৎ মীর হেলাল বয়সে ডা. শাহাদাতের চেয়ে ১৬ বছরের ছোট।
রাজনীতির বয়সেও এগিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তার রাজনীতির বয়স এখন ৩৭ বছর। আর মীর হেলালের রাজনীতির বয়স ১০ বছর।
মীর হেলাল বিএনপির রাজনীতিতে সাংগঠনিকভাবে যুক্ত হন ২০১৬ সালের ৬ আগস্ট। একলাফে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছিলেন তিনি। আর ডা. শাহাদাত বিএনপির রাজনীতিতে আসেন ছাত্রদল হয়ে। ১৯৮৯ সালের ২৯ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হন তিনি। এরপর ২০০২ সালে বাকলিয়া থানার সদস্য সচিব হওয়ার মধ্য দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত হন।
কিন্তু রাজনীতিতে একসময় পিছিয়ে থাকা উদীয়মান তরুণ নেতা মীর হেলাল এখন রাষ্ট্রীয় ও সাংগঠনিক প্রটোকলের দিক থেকে ডা. শাহাদাতের চেয়ে এগিয়ে রয়েছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কপাল খুলে যায় মীর হেলালের। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে লাখের বেশী ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন এই বিএনপি প্রার্থী। এরপর চট্টগ্রামের বিএনপির ১২ জন এমপিকে ডিঙিয়ে মন্ত্রিসভায় স্থান করে নেন মীর হেলাল। ডা. শাহাদাত আদালতের রায়ে মেয়র নির্বাচিত হলেও গত ২৫ অক্টোবর তাকে ওই পদ থেকে সরিয়ে প্রশাসক পদে বসিয়েছে সরকার। সাংগঠনিকভাবেও ডা. শাহাদাতের চেয়ে মীর হেলালের অবস্থান ওপরে। মীর হেলাল এখন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। আর ডা. শাহাদাত এখন পদবিহীন নেতা। ২০২৪ সালের ৭ জুলাই তাকে মহানগর বিএনপির নেতৃত্ব থেকে সরিয়ে দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
নগর বিএনপির রাজনৈতিক অঙ্গনে প্রচার আছে, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ডা. শাহাদাত মীর হেলালের ওপর ‘চরম ক্ষুব্ধ’ হন। তাকে সরিয়ে দেওয়ার পেছনে মীর হেলালের ‘ষড়যন্ত্র’ ছিল বলে মনে করেন তিনি। এরপর থেকে মীর হেলালের সাথে ডা. শাহাদাতের তলে তলে দ্বন্দ্ব চলে আসছিল।
নগর বিএনপি নেতাদের অনেকে বলছেন, অবশেষে বিরোধের খেলায় মীর হেলালের বিজয় হয়েছে। চট্টগ্রাম নগরীতে মীর হেলালের অবস্থান এখন আরও পোক্ত হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম সফরে এসে দুটি দৃশ্য দেখে ‘বিরক্ত’ হন প্রধানমন্ত্রী!







