, | |

মূলপাতা জাতীয়

শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে: ড্যান মজিনা


ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা ও শেখ হাসিনা।
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২৬ ৪:২১ : অপরাহ্ণ

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকার বিষয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, আমার ব্যক্তিগত ধারণা, তার (হাসিনা) সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে। এর অর্থ এই নয় যে তার কাছ থেকে আর কোনো বক্তব্য শোনা যাবে না। তবে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার ক্ষেত্রে আমার ধারণা, সেটি আর হবে না।

সংবাদমাধ্যম ডেইলি ওয়াদার সঙ্গে সাক্ষাৎকারে ড্যান মজিনা এ মন্তব্য করেছেন।

পেশাদার মার্কিন কূটনীতিক ড্যান মজিনা ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিক বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে অনেক মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ওই সরকারের হাতে অনেক মানুষ ভয়াবহভাবে নির্যাতিত হয়েছেন। এসব ঘটনা এমন নয় যে চাইলেই সবকিছু মুছে যাবে।’

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন নাকি দিল্লিতেই থাকবেন-এমন প্রশ্নের জবাবে ড্যান মজিনা বলেন, ‘সত্যি বলতে, শেখ হাসিনার চিন্তাভাবনা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তার মনে কী চলছে, তা আপনারাই বলুন। আমার জানা নেই।’

২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে শেখ হাসিনার অবস্থান ঢাকা ও নতুন দিল্লির মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। ভারত তাকে নিজেদের ভূখণ্ডে থাকতে দেওয়া এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে হাসিনা বাধা হয়ে উঠেছেন কি না-এমন প্রশ্নের জবাবে ড্যান মজিনা বলেন, ‘হ্যাঁ। ভারতের মাটিতে তার উপস্থিতি দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে অতীতে রেখে যাওয়া ক্ষোভ যেন বাংলাদেশের সামগ্রিক পররাষ্ট্রনীতি নির্ধারণ না করে।’

ভারতে শেখ হাসিনার অবস্থান যেন বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক করে যুক্তরাষ্ট্রের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়। শেখ হাসিনা নন, বাংলাদেশের জনগণই সবার আগে।’

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ড্যান মজিনা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত শেখ হাসিনাকে ঘিরে থাকা রাজনৈতিক ক্ষোভের গণ্ডি পেরিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের ওপর মনোযোগ দেওয়া। একজন নেতার কাজ হলো দেশের স্বার্থ রক্ষা করা, আর তারেক রহমানকেই সেই দায়িত্ব পালন করতে হবে। এর জন্য সীমান্ত, বাণিজ্য, পানিসম্পদ, অভিবাসন ও বৈশ্বিক জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা।’

 

শেখ হাসিনার সঙ্গে নিজের জটিল সম্পর্কের স্মৃতিচারণ করে মার্কিন এই কূটনীতিক জানান, তার সঙ্গে অভিজ্ঞতাটি ছিল বৈপরীত্যে ভরা। আপনারা হয়তো মনে করতে পারেন, তিনি আমাকে ভীষণ অপছন্দ করতেন। এমনকি প্রকাশ্যে বলেও বেড়াতেন যে তিনি আমাকে ঘৃণা করেন। তবে যে মানুষটি আমাকে এতটা অপছন্দ করতেন, তিনিই আবার আমাকে বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে দেখার সুযোগ করে দিয়েছিলেন। বিষয়টি আমি বুঝতে পারি না।

এ প্রসঙ্গে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে ড্যান মজিনা বলেন, ‘তিনি তার পরিবারের একজন সদস্যকেও আমার সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি আমাকে তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ এমন বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখিয়েছিলেন। অথচ একই সময়ে আমিই ছিলাম তার সবচেয়ে অপছন্দের মানুষ। বিষয়টি আমার কাছে এখনো রহস্যময়।’

আরও পড়ুন: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের আকস্মিক বৈঠক

Rajniti Sangbad


আরও খবর