ঢাকা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার সদস্য আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ সোমবার রাত ১০টা ২০ এর দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মৃত তিনজন হলেন-বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আহতরা হলেন-করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
জানা গেছে, রাত ১০টা ২০ এর দিকে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন সদস্য গুরতর আহত হয়েছেন।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
