, | |

মূলপাতা রাজধানী

বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক


রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৬ ৭:১৪ : অপরাহ্ণ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর, একই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যান মুফতি রুহুল আমিন।

ওই দিন জুমার খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

তবে তাকে গ্রেপ্তারের কারণ, তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: আওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

Rajniti Sangbad


আরও খবর