সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য।
আজ রোববার রাত ৮টার দিকে নগরীর দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
একটি সূত্র জানিয়েছে, ওই বাসা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী হাসিনা মহিউদ্দিনকেও আটক করেছিল পুলিশ। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি। কিন্তু ‘অসুস্থতার কারণে’ তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
হাসিনা মহিউদ্দিনকে ছেড়ে দেওয়ার খবরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুলশী এলাকার ওই বাসার সামনে বিক্ষোভ করেন। ডা. সেলিম আকতারকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা।
আটক ডা. সেলিম আকতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের জামাতা। তিনি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, রাতে ডা. সেলিম আকতার চৌধুরীকে খুলশী থানা পুলিশ আটক করেছে। কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা পরে জানানো হবে।
ডা. সেলিম আকতারকে ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি।
আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জন, সাবেক এমপি লতিফের বিরুদ্ধে দুদকের মামলা







