আবারও ঝুলে গেলো দেশের শতবর্ষী চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন। আগামী ৪ এপ্রিল চিটাগাং চেম্বারের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সুপ্রীম কোর্টের আপিল বিভাগ এই নির্বাচন আটকে দিয়েছে।
আজ বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চেম্বারের টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ সংক্রান্ত একটি রিটের লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। চিটাগাং চেম্বারের অর্ডিনারি মেম্বার বেলাল এই লিভ টু আপিল করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিটাগাং চেম্বারের বিতর্কিত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করা হয়েছিলো। গত বছরের ১১ ডিসেম্বর এই রিট পিটিশন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। এরপর চেম্বার জজ আদালতে লিভ টু আপিল করেন রিটকারী বেলাল। কিন্তু চেম্বার জজ আদালত এই আপিল নিস্পত্তির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে (সালিশি আদালত) চিটাগাং চেম্বারের তিন সদস্যের অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। আগামী ২৬ এপ্রিলের মধ্যে এসব অভিযোগ নিস্পত্তি করতে আর্বিট্রেশন ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
চিটাগাং চেম্বারের টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্য প্রতিষ্ঠানগুলোর বৈধতা নিয়ে গত বছরের ২৮ অক্টোবর আর্বিট্রেশন ট্রাইব্যুনালে এসব অভিযোগ দাখিল করা হয়েছিল।
চেম্বার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের লিভ টু আপিলের এই রায়ে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের কাছে হেরে গেছে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’।
উল্লেখ্য, গত বছরের ২০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্য প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্দেশ দেয়। কিন্তু গত ৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে আবার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই আদেশ চ্যালেঞ্জ করে চিটাগাং চেম্বারের মোহাম্মদ বেলাল গত বছরের ১৯ অক্টোবর হাইকোর্টে একটি রিট দায়ের করেন।
রিটকারী বেলালের ভাই মোহাম্মদ আইয়ুব নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে পরিচালক প্রার্থী হয়েছেন। ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ নামের প্যানেলের লিডার হলেন এস এম নুরুল হক। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হকের ছোট ভাই। চেম্বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্যানেল হলো ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’। এ প্যানেলের উপদেষ্টা হলেন আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছোট ভাই। এই প্যানেলের লিডার হলেন চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক।
গত ৪ মার্চ চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৪ এপ্রিল ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল। এর আগে গত ১ নভেম্বর চিটাগাং চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে হাইকোর্টে রিট দায়ের করার ফলে নির্বাচন আটকে যায়। এ নিয়ে দুই দফা চেম্বারের নির্বাচন পিছিয়ে গেলো।
আরও পড়ুন: ডা. শাহাদাত এখন কীভাবে মেয়র পদে আছেন?
