ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন তিনি।
এ ছাড়া ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।
আজ শুক্রবার ভোর চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
ঢাকা-১৭ আসনে ১২৫টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
বগুড়া-৬ আসনে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমীর আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
ঢাকা-১৫ আসনে ১২৭টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট।
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
এদিকে জামায়াত আমীর জয় পেলেও খুলনা-৫ আসনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কিছু কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন: জামায়াত আমীর
