, | |

মূলপাতা নির্বাচন

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত


কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৮ : অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে ১১৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

রাকিবুল ইসলাম বলেন, ‘দেবিদ্বার আসনে ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রতেই হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন। আমরা সব কেন্দ্রের ফলাফল একত্রিত করছি। ফলাফল বিবরণী দেখে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত এবং বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে জসীম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দেন।

দেবিদ্বার আসনে মোট ভোটকেন্দ্র ১১৬টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

বরের সাজে ভোটকেন্দ্রে যুবক

বয়স তাদের দমাতে পারেনি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর