ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ৮০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই আসনের বেসরকারি ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
তবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নুরুল হক নুরের নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক শহিদুল ইসলাম জানান, এ আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে ২৬ হাজার ৪ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯৩৪ ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৩০ ভোট পেয়েছেন।
নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজের ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানান। এতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনটি ছেড়ে দেয় বিএনপি। অন্যদিকে বিএনপির মনোনয়ন না পাওয়া সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন। পরে ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর আগে ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন আগে হাসান মামুন দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।
আরও পড়ুন: কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত
