অনেক কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ তোলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা।
জামায়াত আমীর বলেন, একটা নির্বাচন যখন হবে, সবাই জিতবে না। কেউ জিতবে, কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। আমাদের কিছু অবজারভেশন আছে যেগুলো আমরা জাতির সামনে তুলে দেওয়ার পক্ষে। যেন ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমা লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে।
ডা. শফিকুর রহমান বলেন, বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা এগুলো কম্পাইল করছি। আমরা আমাদের পরিসরে আবার বসবো। আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত বলার সুযোগ ছিল না। এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতে আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট। কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং কর্মকর্তা আছেন তারা ফল ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন।
কারচুপির আশঙ্কা বা ইঞ্জিনিয়ারিং দেখতে পারছেন কি না-এ প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা আপনাদের কোনো কিছু বলতে চাচ্ছি না। সব কিছু যখন ফাইনাল এসে যাবে তখন ১১ দল মিলে বসে কম্পাইল করে জানাব।
ফল মেনে নেবেন কি না-এ প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান বলেন-ফল ঘোষণা নিয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। ফলাফলের শিট হাতে আসার পরেও কেন দিচ্ছে না, আমরা এর সমাধান চাই। ইনশাআল্লাহ আমাদের মুখে হাসি দেখবেন। আপনাদের (সাংবাদিক) মুখেও যেন হাসি থাকে।
ইতিবাচক ধারার রাজনীতি করার কথা বলেন। ফল গণনায় দেরির জন্য কারা দায়ী তা পরীক্ষা করে দেখার কথাও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে জয়ী মির্জা ফখরুল
