, | |

মূলপাতা নির্বাচন

ভোট গণনা চলছে, ফলাফলের অপেক্ষা


এবার দুটি ভোট একসঙ্গে হওয়ায় ব্যালট গণনা শেষে ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৯ : অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স খোলা হয়েছে এবং উপস্থিত প্রার্থী ও এজেন্টদের সামনে গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর পৃথকভাবে দুই ধরনের ব্যালট গণনা করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ভোট গণনা শেষে ফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। তবে এবার দুটি ভোট একসঙ্গে হওয়ায় ব্যালটগুলো গণনা শেষে ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছে নির্বাচন কমিশন।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আজ একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাই এক সঙ্গে মিলবে দুটি ফল। কে কত ভোট পেলেন, পছন্দের প্রার্থী বিজয়ী হয়েছেন কিনা-তা জানার জন্য ভোটকেন্দ্রগুলোতে ভিড় করছেন নাগরিকরা। কেউ কেউ তাকিয়ে আছে টেলিভিশনের পর্দায়।

এর আগে সকাল সাড়ে সাতটায় দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা নয় ঘণ্টা বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।

রাজধানীর বিভিন্ন কেন্দ্রসহ সারাদেশের নির্বাচনি এলাকাগুলোতে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও কোথাও জালভোট দেওয়া, ব্যালট বই ছিনতাই ও কেন্দ্র দখল চেষ্টার অভিযোগে বেশ কয়েক ব্যক্তিকে গ্রেপ্তার করে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার আছেন ৫ কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন:

বরের সাজে ভোটকেন্দ্রে যুবক

বয়স তাদের দমাতে পারেনি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর