, | |

মূলপাতা নির্বাচন

ভোট দিয়ে নাহিদ ইসলাম বললেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে


রাজধানীর বাড্ডার বেরাইদে একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন নাহিদ ইসলাম।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫১ : পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডার বেরাইদে একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। তবে জয়–পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটাই আমরা নিশ্চিত করতে চাই আজকের দিনে।’

এই এনসিপি নেতা বলেন, ‘আমরা চাই, মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক…ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। প্রশাসনের প্রতি, সেনাবাহিনীর প্রতি, মিডিয়ার প্রতি আমাদের করজোড় অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করব, তারা নিরপেক্ষ আচরণ করবে। প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে, তাহলে যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, তারা সফল হবে না।’

১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

আরও পড়ুন: আত্মবিশ্বাসী বিএনপি, আশাবাদী জামায়াত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর