, | |

মূলপাতা বিএনপি

১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান


বাংলাদেশের আকাশে প্রবেশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃষ্টি দিয়েছেন উড়োজাহাজের জানালায়।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯ : পূর্বাহ্ণ

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি।

ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দেশের আকাশে ঢোকার পরপরই তারেক রহমান হাস্যোজ্জল ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেন ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

পোস্টে নিজের ছবি ছাড়াও স্ত্রী জুবাইদা রহমানসহ আরেকটি ছবিও দিয়েছেন তিনি। সিলেটে অবতরণের পর তারেক রহমানের কন্যা জাইমা রহমানও পৃথক ছবি পোস্ট করেছেন। তিনিও ছবির ক্যাপশনে লিখেছেন ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের (তিনশ ফিট সড়ক) উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। নেতাকে একনজর দেখতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গতকাল বুধবার রাত থেকেই তীব্র শীত উপেক্ষা করে ৩০০ ফিট সড়কে মানুষের ঢল নামে। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত যেন তিল ধারণের জায়গা নেই। তিনশ ফিট সড়ক জনসমুদ্রে পরিণত হয়েছে।

 

পুরো পূর্বাচল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান।

২০১২ সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর থেকে তারেক রহমান দীর্ঘ সময় সেখানেই অবস্থান করছেন। এই সময়কালে দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শ’খানেক মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল।

আরও পড়ুন: জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট সড়ক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর