, | |

মূলপাতা বিএনপি

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় তারেক রহমান


ঢাকা শাহজালাল বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ : পূর্বাহ্ণ

অপেক্ষার প্রহর শেষ! অবশেষে ঢাকা এসে পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৯ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এরপরই তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা পরিয়ে জামাতাকে বরণ করেন নেন। নাতনি জাইমাকেও আদর করতে দেখা যায়। তারেক রহমান এ সময় তার পাশে কিছু সময় বসে থাকেন।

এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে আজ সকাল ১০ টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। সেখান থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি।

তারেক রহমানের সঙ্গে এসেছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দেশের আকাশে ঢোকার পরপরই তারেক রহমান হাস্যোজ্জল ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেন ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

 

পোস্টে নিজের ছবি ছাড়াও স্ত্রী জুবাইদা রহমানসহ আরেকটি ছবিও দিয়েছেন তিনি। সিলেটে অবতরণের পর তারেক রহমানের কন্যা জাইমা রহমানও পৃথক ছবি পোস্ট করেছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে ৩০০ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। নেতাকে একনজর দেখতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গতকাল বুধবার রাত থেকেই তীব্র শীত উপেক্ষা করে ৩০০ ফিট সড়কে মানুষের ঢল নামে। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত যেন তিল ধারণের জায়গা নেই। তিনশ ফিট সড়ক জনসমুদ্রে পরিণত হয়েছে।

পুরো পূর্বাচল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান।

২০১২ সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর থেকে তারেক রহমান দীর্ঘ সময় সেখানেই অবস্থান করছেন। এই সময়কালে দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শ’খানেক মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল।

আরও পড়ুন: জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট সড়ক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর