বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক আজ শনিবার থেকে চালু হয়েছে। তবে এখনই পুলিশের সব সদস্যদের কাছে এই পোশাক সরবরাহ করা হবে না। সদস্যদের মধ্যে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে। নীল ও সবুজ রঙের পরিবর্তে আয়রন রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্টোপলিটন পুলিশ সদস্যরা।
নতুন পোশাকের লোগোতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে-‘পুলিশ’। বর্তমান লোগো থেকে বাদ পড়েছে পালতোলা নৌকা।
নতুন লোগোতে জাতীয় উপাদানগুলোর উপস্থিতি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবর্তিত এই লোগো আধুনিক ও গঠনমূলক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরো সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনা মুখে পড়ে পুলিশ। দাবি ওঠে বাহিনীটির ব্যাপক সংস্কারের ও পোশাক পরিবর্তনের। একপর্যায়ে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।
এর আগে, গত ১১ নভেম্বর পোশাকের সাথে সাথে সবারই মন-মানসিকতা পরিবর্তন করতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা পোশাক নির্বাচিত করা হয়েছে। এটা বাস্তবায়ন হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।
জানা যায়, তিন বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ সদস্যের নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করা যায় তবে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না। শুধু সরকারের অর্থ ব্যয় হবে। কারণ, আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। পোশাক পরিবর্তনের সঙ্গে পুলিশের মনোভাব পরিবর্তনও জরুরি।
উল্লেখ্য, এর আগে, পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে এই মনোগ্রামে পরিবর্তন করা হয়, যেটি বর্তমানে আছে। সেই লোগোতে নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা রয়েছে। পালের ওপরে একটি শাপলা। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।
আরও পড়ুন: আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, ব্রিটিশ মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা
