সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। আজ শনিবার রাজধানীর হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
হিরো আলমের বিরুদ্ধে গেল গত ১২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। আদালত শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। আজ মামলার মূল আসামি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হিলো আলমকে হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এ সময় রিয়া মনির গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন তারা। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।
আরও পড়ুন: নতুন পোশাকে পুলিশ
