অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে তিনজন উপদেষ্টা ‘বিপথে চালিত’ করছেন বলে দাবি করেছেন জামায়াতের ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই উপদেষ্টাদের কারো নাম না বলে আট দলের তরফে তাদের অপসারণ, আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণাসহ তিন দফা দাবি তুলে ধরেছেন তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি তুলে ধরেন।
জুলাই সনদের আইনি ভিত্তি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে আট দল কর্মসূচি পালন করে আসছে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একই দিনের জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
এক. প্রধান উপদেষ্টা একই দিন গণভোট ও জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ ঘোষণা করবেন, এটা আমাদের দাবি।
দুই. কমপক্ষে তিনজন উপদেষ্টা আছেন যারা সরকারকে মিসগাইড করছেন, আমরা তাদের অপসারণ দাবি করছি। আমরা প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেব, এরপরেও যদি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হয়, তবে তাদের নাম প্রকাশ্যে আনার বিষয়টি আমরা বিবেচনা করব।
তিন. প্রশাসনে যেখানে পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ বিশেষ করে সৎ ও জবাবদিহির মনোভাব আছে, এমন লোকদেরকেই নিয়োগ করতে হবে। এবং নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য চেষ্টা করতে হবে।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট
