ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণের একটি বাসে আগুন দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকেই দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ঢাকায় রাতভর তিন বাস ও এক প্রাইভেটকারে আগুন
রাজধানী ঢাকায় আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
আজ মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
তিনি জানান, রাত ১২টা ৫৪ মিনিটে সংবাদ আসে যাত্রাবাড়ীর রায়েরবাগে পার্কিং অবস্থায় রাজধানী পরিবহন বাসে আগুন লাগার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের কারণ জানা যায়নি।
রাত ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদ রোডে পার্কিং অবস্থায় রাইদা পরিবহন বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া রাত ২টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজায় রাইদা পরিবহনের বাসে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর বসুন্ধরা মেন গেট ১০০ ফিট সড়কে রাত ২টা ৩৫ মিনিটে একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আরও পড়ুন: মোটরসাইকেল থেকে নেমে ৬-৭টি গুলি, অতঃপর…
