চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে তাদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। পরে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
মাইকিংয়ে বলা হয়, ‘সব বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, অত্র কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে আসলে তিনি ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে তাকেও আটক করা হবে।’
জানতে চাইলে কর্ণফুলী থানার থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। এটি পরে সংশোধন করা হয়েছে। মূলত সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।’
ওসি বলেন, ‘ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট থানায় না দিলে বাড়ির মালিকদের শাস্তি পেতে হবে। নতুন ভাড়াটিয়া ও ব্যাচেলার যুবকদের বাসা ভাড়া দিতে হলে আগে জাতীয় পরিচয়পত্র থানায় জমা দিতে হবে বলে জানানো হয়। ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে। এবার তা আরও জোরালো করা হচ্ছে। এলাকাবাসীর নিরাপত্তার জন্যই এটা করা হচ্ছে।’
মুহাম্মদ শরীফ বলেন, ‘বাড়ির মালিকরা নিজেদের অজান্তেই সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। কিছুদিন আগে ডায়মন্ড সিমেন্ট এলাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনা ঘটে। সেখানে স্বামীর নাম ঠিকানা ও পরিচয় বের করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে। মালিকদের নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন। এজন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে।’
আরও পড়ুন: চিটাগাং চেম্বারের নির্বাচনে বিএনপি-আ.লীগ ‘সমঝোতা’
