বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
আজ শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে পথসভায় তিনি তাকে নিয়ে এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়নগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার সে নাকি সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন ইনশাআল্লাহ।’
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে আজ শনিবার বিকেলে চকরিয়া পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেন বিএনপির একদল নেতাকর্মী। হাজার হাজার বিক্ষুব্ধ নেতাকর্মী পৌর শহরের সড়কে অবস্থান নেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জনতা মার্কেট চত্বরে বিক্ষোভ করেন। তারা পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূপ বদরী তার ফেসবুকে লেখেন, ‘জাতীয় নেতা সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে পাটোয়ারীর অশালীন কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’ পরক্ষণে তিনি আরও একটি স্ট্যাটাসে জেলাবাসীকে শান্ত থাকার ও ধৈর্য্য ধরার অনুরোধ করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘এনসিপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কক্সবাজারবাসীকে আশাহত করেছে। তিনি রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা খতিয়ে দেখা দরকার।’
আরও পড়ুন: জামায়াত ক্ষমতায় গেলে মালিক নয়, সেবক হবে: ডা. শফিকুর রহমান
