জামায়াত ক্ষমতায় গেলে জনগণের মালিক না হয়ে সেবক হতে কাজ করবে জানিয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হলে মন্ত্রী-এমপিরা সরকারি প্লট নেবেন না, শুল্কবিহীন কোনো গাড়ি ব্যবহার করবেন না, এমনকি নিজের হাতে টাকা লেনদেনও করবেন না।’
আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের সমাপনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর এই সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নামে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান।

বক্তব্যের শুরুতে তিন নেতাকর্মীর মৃত্যুর খবর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকের সমাবেশে অংশ নিতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।’
জামায়াতের আমীর বলেন, ‘জাতির সামনে আমাদের অনেক করণীয়। অতীতে বুক পেতে দিয়ে জামায়াতকর্মীরা শহীদ হয়েছে। আজ যারা নতুন কথা বলছেন, তাদের অতীতের অবস্থান ইতিহাসে নেই। সুতরাং আমরা জাতীয় ঐক্য চাই। কিন্তু কাউকে ছোট করে কথা বলার অধিকার নেই।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আবু সাঈদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতাম না। অনেকের জীবন হয়ত ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। আজকে যারা বিভিন্নভাবে দাবিদাওয়া তুলে ধরছেন, তখন তারা কোথায় থাকতেন? সুতরাং অহংকার করে, তুচ্ছতাচ্ছিল্য করে কাউকে ছোট করে কথা না বলি। না হলে আমরা বুঝে নেব, স্বৈরাচারী বীজ তাদের মনে বাসা বেঁধেছে।’
জামায়াত আমীর বলেন, ‘অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। সেই লড়াইয়ে আমরা জিতেছি। এখন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিকে মূলোৎপাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামায়াতে ইসলামী সেই লড়াইয়ে ছিল, থাকবে এবং জয়লাভ করবে ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ যেন জনসমুদ্র
