, | |

মূলপাতা আন্তর্জাতিক

হামলা চালিয়ে আবার ইরানকে যে হুমকি দিলেন ট্রাম্প


ইরানে হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রকাশের সময় :২২ জুন, ২০২৫ ৮:৩৭ : পূর্বাহ্ণ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার পর আবারও ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে এই হুমকি দেন ট্রাম্প।

ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি, এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান। ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যের দাপট দেখানো রাষ্ট্র ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে। তা না হলে ভবিষ্যতের হামলা আরও বড় এবং অনেক সহজ হবে।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাবো।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।’

এর আগে, স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে-খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

আরও পড়ুন: এবার ইরানের ৩ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর