, | |

মূলপাতা আন্তর্জাতিক

বাজলো না সাইরেন, ইসরায়েলে সরাসরি আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের


প্রকাশের সময় :২২ জুন, ২০২৫ ১২:১৯ : অপরাহ্ণ

মার্কিন হামলার জবাবে আজ রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফায় আঘাত হেনেছে। ইরানের সর্বশেষ এ হামলার পর ইসরাইলে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। তবে এই ঘটনায় আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি উত্তরাঞ্চলীয় শহরটিতে।

এই প্রথম এমন ঘটনা নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ইসরায়েলে।

ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, রোববার সকালে ইরানের রকেট ও শ্যাপ্রেল ইসরাইলের ১০টি স্থানে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে- কারমেল, হাইফা, তেলআবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ইরান থেকে ইসরাইলে পৌঁছাতে ড্রোনগুলো কয়েক ঘণ্টা সময় নেয়। যার অর্থ সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর আগেই সেগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

ইসরায়েলি চিকিৎসা কর্মীরা বলছেন, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে ১০টিরও বেশি আঘাতপ্রাপ্ত স্থানে জরুরি সেবা দেওয়া হচ্ছে।

এছাড়াও উত্তর ইসরায়েলে নতুন করে সাইরেন বাজছে। সর্বশেষ ইরানি মিসাইল ব্যারেজে ইসরায়েলে ২০-৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মূলত ইরান-ইসরাইল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গতকাল শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ইহুদিবাদীরা। দুই দেশের মধ্যে সংঘাত এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন: এবার ইরানের ৩ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর