চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত এক শিশুসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই গাড়িগুলো সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে গিয়েছিল।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় কয়েকটি গাড়ি। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন গাড়িগুলোর সংঘর্ষ হয়। এগুলোর মধ্যে অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, অন্তত চারজনের বেশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। সেখানে আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে আমরা খবর পাই। আমাদের দুটি ইউনিট অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের উদ্ধারে কাজ চলছে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা বলেন, ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এক শিশু নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে
