, | |

মূলপাতা আইন-আদালত

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা


ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২৪ ১২:২৫ : অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক দুই মন্ত্রী ও পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেছেন।

৭ জনের বিরুদ্ধে অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানা–পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

এস এম আমীর হামজা শাতিল নামের আদাবর এলাকার এক ব্যবসায়ী এ মামলা দায়ের করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো।

শেখ হাসিনা ছাড়া মামলার অপর আসামিরা হলেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ এবং ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এ ছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে আমীর হামজা শাতিল গণমাধ্যমকে বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছি। বিবেকের তাড়নায় আমি এ মামলা করেছি।’

আমীর হামজা শাতিল মামলার অভিযোগে উল্লেখ করেছেন, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এ জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি এ মামলা করেছেন।

 

মামলার অভিযোগে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় কোটা আন্দোলনের সমর্থনের মিছিল করার সময় পুলিশের গুলিতে আবু সায়েদ মারা যান।

আরও পড়ুন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি

জয়-আরাফাতের জুডিশিয়াল ক্যু করার ‘ষড়যন্ত্র ফাঁস’

সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগকে নিষিদ্ধ করার দাবি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর