সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় অবরোধ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে অবরোধ শুরু করেন তারা।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এর আগে সকাল সাড়ে ১০টায় রেললাইন অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে দুটি যাত্রীবাহী ও দুটি মালবাহী ট্রেন লাইনে আটকা পড়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চল রেলওয়ের ট্রাফিক কর্মকর্তারা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কোটাবিরোধী চলমান আন্দোলনে গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় তাদের ওপর হামলা হয়। এতে অর্ধশতাধিক ছাত্রছাত্রী আহত হন। রাত সাড়ে আটটার দিকে এ ঘটনার বিচার চেয়ে ও অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করতে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গতকাল দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বহিরাগতরা। এ সময় হামলার শিকার আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে (ঢামেক) চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ হামলা চালানো বহু পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রাতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আরও পড়ুন:
এবার রাজপথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মধ্যরাতে জাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি
