বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাকে পাঁচলাইশ এলাকার বেসরকারী ট্রিটমেন্ট হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। এ সময় পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী ও শাহাদাতের ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফুল হক চৌধুরীকেও গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর একটি গণমাধ্যমকে বলেছেন, শাহাদাত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া সোমবার বিকেলে পুলিশের ওপর হামলা, রাস্তায় আগুন ও ভাঙচুরের ঘটনায়ও তিনি জড়িত। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে আজ বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাজীর দেউড়ি নূর আহমদ সড়ক এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে।
আরও পড়ুন:
চট্টগ্রামে বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ, আহত ২০, আটক ১৫
