চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ১৭ শতাংশ।
আজ শুক্রবার (২ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৮৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৩৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের, দুজন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৭১০ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
