চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির ‘সাংগঠনিক সপ্তাহ-২০২৬’ উদযাপিত হয়েছে। আজ সোমবার উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে এই সাংগঠনিক সপ্তাহ উদযাপন করা হয়।
‘সাংগঠনিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এতে টেরীবাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী অংশ নেন। র্যালিতে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এই র্যালি টেরীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সিবিট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, টেরীবাজারের সার্বিক উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। বিশেষ করে টেরীবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সঙ্গে টেরীবাজারের সংযোগ স্থাপনের লক্ষ্যে একটি বক্স সিঁড়ি নির্মাণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে টেরীবাজারের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক ও ‘সাংগঠনিক সপ্তাহ-২০২৬’ উদযাপন পরিষদের আহ্বায়ক ইশতেহাদ হোসেন রাজিব।
এ সময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সম্মানিত পৃষ্টপোষক হাজী রফিকুল আলম, সিনিয়র সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহসভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম ও গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও এস.এস.এস. বাহাদুর, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ, সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ, মো. আবু ছালেকসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
