রাজনীতি সংবাদ প্রতিনিধি, সিলেট
প্রকাশের সময় : ৩০ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলা হয়েছে। এতে তার ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌঁনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এই ঘটনায় সারজিস আলম বিএনপিকে দায়ী করেছেন।
জানা গেছে, আজ সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতা–কর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষ করে হেতিমগঞ্জ বাজারে দুপুরে খাবারের জন্য রওয়ানা দেন সারজিস আলমসহ অন্যান্যরা। এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বেলা পৌঁনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেট এলাকার নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
পরে এনসিপির নেতাকর্মীরা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা দিলে বাইপাস এলাকায় ফের হামলার চেষ্টা করা হয়। এই ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
হামলার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি মো. সবেদ আলী বলেন, ‘প্রোগ্রাম শেষ করে ফেরার পথে সারজিস সালমের গাড়িতে পেছন থেকে ঢিল মারা হয়। এতে গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
এদিকে, এই ঘটনার পর আজ দুপুর আড়াইটার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
আরও পড়ুন: হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নামে এনসিপির মামলা
