দেশের শতবর্ষী প্রাচীন ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর সংগঠনটির শীর্ষ তিনটি পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহসভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহসভাপতি পদে মশিউল আলম স্বপনকে চূড়ান্ত করা হয়েছে।
গতকাল রোববার রাতে নগরীর মেহেদীবাগে আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীর বাসভবনে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচালকদের মতামতের ভিত্তিতে আমির হুমায়ুন চৌধুরী চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব চূড়ান্ত করেন। রাত ৯টা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত ১১টায়। নবনির্বাচিত পরিচালকদের জন্য সেখানে নৈশভোজের আয়োজন করেন আমির হুমায়ুন চৌধুরী।
আমির হুমায়ুন চৌধুরী চেম্বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি।
বৈঠকে চেম্বারের সভাপতি পদে চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ আমিরুল হককে। অবশ্য নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে তাকে প্যানেল লিডার করা হয়েছিল। আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে তাকে সভাপতি পদে চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে চূড়ান্ত করা হয়েছে আমজাদ হোসাইন চৌধুরীকে। অর্ডিনারি ক্যাটাগরি থেকে তাকে এই পদে চূড়ান্ত করা হয়। নির্বাচনে তিনি ১ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। আমজাদ চৌধুরী রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই তিনি।
সহসভাপতি পদে চূড়ান্ত করা হয়েছে শিপিং ব্যবসায়ী মশিউল আলম স্বপনকে। তিনি বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাকে এই পদে চূড়ান্ত করা হয়। তিনি নির্বাচনে ৬৩২ ভোট পেয়েছেন।
বৈঠকে অংশ নেওয়া চেম্বারের নির্বাচনে বিজয়ী একজন পরিচালক রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, চিটাগাং চেম্বারের মোট চারটি ক্যাটাগরি রয়েছে। এগুলো হলো-অর্ডিনারি, অ্যাসোসিয়েট, টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ।
চিটাগাং চেম্বারের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী, চেম্বারের প্রেসিডিয়ামে নির্বাচনে অর্ডিনারি থেকে একজন পরিচালক, অ্যাসোসিয়েট থেকে একজন পরিচালক এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে একজন পরিচালক স্থান পায়।
জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত পরিচালকদের গোপন ভোটে প্রেসিডিয়াম নির্বাচিত হবে। তবে প্রেসিডিয়াম নির্বাচনের আগেই নবনির্বাচিত পরিচালকরা অনানুষ্ঠানিকভাবে চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব চূড়ান্ত করে ফেলেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ মে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উৎসবমুখর পরিবেশে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের একদিন আগে অন্যতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ভোট বর্জন করে। ফলে নির্বাচনে ২৪ পরিচালক পদের সবকটিতেই জয় পায় ইউনাইটেড বিজনেস ফোরাম।
নির্বাচনে মোট ভোটার ছিল ৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে অর্ডিনারি গ্রুপে ৪ হাজার জন আর অ্যাসোসিয়েট গ্রুপে ২ হাজার ৭৬৪ জন। অর্ডিনারি গ্রুপে ভোট পড়ে ৮৮২টি আর অ্যাসোসিয়েট গ্রুপে ভোট পড়ে ১ হাজার ৮৪৩টি। নির্বাচনে ৩৯.০২ শতাংশ ভোট পড়ে।
কাঠফাটা রোদ উপেক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিতে ছুটে আসেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের অনেক ধনাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতিও ভোট দিতে এসেছেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেন ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল ভোট বর্জন করলেও নির্বাচন ছিল উৎসবমুখর। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের পাশাপাশি তিনজন স্বতন্ত্র পরিচালক প্রার্থীর নির্বাচনী বুথও ছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে শুরু করে আগ্রাবাদ পর্যন্ত ভোটের আমেজ ছিল। উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে ভোট দেন ব্যবসায়ীরা। নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি।
আরও পড়ুন:
চিটাগাং চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেল জয়ী
শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাচনে নাটকীয় মোড়!
চট্টগ্রাম সিটির মেয়র পদে বিএনপিতে আলোচনায় দুই নাম
