, | |

মূলপাতা চট্ট-মেট্টো

দুই ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর এ কী হাল!


বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নালার দুর্গন্ধযুক্ত ময়লা পানি উপচে সড়কে জমে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২৬ ২:২১ : অপরাহ্ণ

মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অনেক সড়ক হাঁটু পানিতে ডুবে গেছে। আজ সোমবার সকাল ৮টার দিকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে সকাল ১০টা পর্যন্ত এ বৃষ্টিতে নগরীর মুরাদপুর, জিইসি মোড়, প্রবর্তক মোড়, ওয়াসার মোড়, চকবাজার ও আগ্রাবাদ এলাকার সড়কে জমে যায় হাঁটু সমান পানি। বৃষ্টি থামার ২-৩ ঘন্টা পরও সড়ক থেকে পানি নামেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

সরেজমিনে দেখা যায়, মুরাদপুরে নালার দুর্গন্ধযুক্ত ময়লা পানি উপচে সড়কে জমে। এই ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে পথচারীদের। পানিতে আটকে গিয়ে অনেক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় গাড়ির চালক ও পথচারীদের অনেকে সিটি কর্পোরেশনের ওপর ক্ষুব্ধ হয়।

মুরাদপুরে ঠেলে ঠেলে সিএনজি অটোরিকশা নিতে দেখা যায় এক চালককে। মনির হোসেন নামের এই চালক জানান, ওয়াসা মোড় থেকে মুরাদপুর যাচ্ছিলেন ভাড়া নিয়ে। কিন্তু পানির কারণে মাঝপথেই বিকল হয়ে যায় ইঞ্জিন। বাধ্য হয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন।

মুরাদপুর মোড়ে দাঁড়িয়ে থাকা আলভি নামের এক শিক্ষার্থী ফিরছিল স্কুল শেষে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও সড়কে পানি না কমায় বাধ্য হয়ে নেমে পড়ে নালার দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে। শুধু এই স্কুল শিক্ষার্থী নয়, রাস্তায় অসংখ্য মানুষ কেউ জুতা হাতে, কেউ কাপড় গুটিয়ে পানিতে নামেন।

মুরাদপুর সড়ক দিয়ে ময়লা পানি মাড়িয়ে যাতায়াত করার সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু হেনা রাজনীতি সংবাদকে বলেন, ‘এখনো বর্ষা আসেনি। তার আগেই যদি শহরের এই অবস্থা হয়, তাহলে বর্ষাকালে কী হবে? আর কত বছর চট্টগ্রামবাসীকে এই দুর্ভোগ পোহাতে হবে? সিটি কর্পোরেশন কি মানুষের এই দুর্ভোগ দেখছে না?’

 

সরেজমিন দেখা গেছে, নগরীর মুরাদপুর, চকবাজার, প্রর্বতক মোড় ও আগ্রাবাদ সিডিএ এলাকায় দুপুর ১২টায়ও পানি নামেনি। এতে পানিতে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগ পড়েন যাত্রী, চালক ও পথচারীরা।

চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন কুমার রায় রাজনীতি সংবাদকে জানান, আজ সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।

উল্লেখ্য, বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৮ হাজার ৬২৬ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ৩৬টি খাল নিয়ে চলমান এই প্রকল্পের কাজ পরিচালনা করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত ১৯ এপ্রিল থেকে খাল-নালা পরিষ্কারের কাজ শুরু করে।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটির মেয়র পদে বিএনপিতে আলোচনায় দুই নাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর