, | |

মূলপাতা দেশজুড়ে

পানির ট্যাংকে মিললো ১০ হাজার লিটার ডিজেল


নাটোরের সিংড়ায় পানির ট্যাংকে মজুদ করে রাখা হয় প্রায় ১০ হাজার লিটার ডিজেল।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ মার্চ, ২০২৬ ৫:২৭ : অপরাহ্ণ

নাটোরের সিংড়া উপজেলায় পানির ট্যাংকে অবৈধভাবে ১০ হাজার লিটার ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সিংড়া থানা মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেনকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া এলাকায় জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযান পরিচালনা করেন।

এ সময় মাটির নিচে পানির ট্যাংকের মধ্যে ১০ হাজার লিটার তেল মজুদ পান। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে ১০ হাজার লিটার ডিজেল অন্যায়ভাবে সংরক্ষণ করে রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তিনি আগামীকালের মধ্যে জ্বালানি তেল দোকানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম প্রমুখ।

অপরদিকে, উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭.৩৮ ও ৪২ ধারা ভঙ্গের অপরাধে ৩ দোকানিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রি করার পরিকল্পনা করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একজন ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তার মজুদের অনুমতি আছে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে মজুদ করায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: দিনে কোন গাড়িতে কত লিটার তেল কেনা যাবে, জানালো বিপিসি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর