ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট প্রদান করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন তিনি।
ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট প্রদান শেষে জামায়াত আমীর সাংবাদিকদের বলেন, ‘জাতি এই ভোটের জন্য অনেক অপেক্ষায় ছিল। বিশেষ করে যুব সমাজ। দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই আমিও পারি নাই। ২০১৪, ১৮, ২৪ সালে ভোটের সময় জেলেই ছিলাম। আজকে ভোট দেয়ার সুযোগ পেয়েছি, মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। এর মাধ্যমে আল্লাহ বাংলাদেশের নতুন সূচনা করে দিন।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। আমরা চাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হোক। সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এই ভোটের মাধ্যমে, দেশে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না। বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।’
জামায়াত আমীর বলেন, ‘আমরা সারাদেশে খোঁজ নিচ্ছি। ছোটখাটো বিষয়ে কোনো সমস্যা নেই। তবে বড় কোনো ঘটনা হলে আমরা ছাড় দেবো না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না, সুষ্ঠু ভোটের মাধ্যমে যা রেজাল্ট হোক আমরা মেনে নেবো, অন্যরাও যেন রেজাল্ট মেনে নেয়। এটাই গণতন্ত্র সৌন্দর্য, আমরা এটাই চাই।’
আরও পড়ুন: ভোট দিয়ে যা বললেন তারেক রহমান
