, | |

মূলপাতা নির্বাচন

ভোট দিয়ে যা বললেন তারেক রহমান


রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫১ : পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান
ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এই কেন্দ্রে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও ভোট প্রদান করেন।

ভোট দিয়ে যা বললেন তারেক রহমান
ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আশা করছি, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা তার কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে। তিনি ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে বলেন, মানুষ যদি সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

 

ভোটের পরিবেশ কেমন দেখছেন বা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর হয়তো বলতে পারবো।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির চেয়ারম্যান দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি এবং তার দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী এক লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আট জন।

আসনটিতে মোট প্রার্থী ১১ জন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

আরও পড়ুন: ভোট দিয়ে নাহিদ ইসলাম বললেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর