ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট জিতলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জোটের প্রধান দল জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ রোববার সকালে বাড্ডায় ঢাকা-১১ আসনে আয়োজিত ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখার সেই শপথ ছিল না। দেশের প্রতি দায় ছিল না। এই জন্যেই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করবো, যুবকরা আমাদের হতাশ করবে না। তারা আমাদের সামনে নিয়ে এগিয়ে যাবে।
জামায়াত আমীর বলেন, এখানে দুজন প্রার্থী আছেন, দুজনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠাও। এখানে আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চিনেন। কিন্তু এটা বলতে চাই, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন, ইনশাআল্লাহ।
